শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
হোম » পিরোজপুর » মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি সিট পুড়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেওয়া হয়। স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
বাংলাদেশ সময়: ১৩:০২:৫৪
