শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর
হোম » বরিশাল » মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ চারটি মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তাই দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, মাহফিলে নতুন আসা মুসল্লিদের অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করতে হবে। অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।
মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে।
চারটি মাঠে শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প।
এ ছাড়া মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন। নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর পাঁচটি এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান পেশ করবেন।
মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রমও অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মাহফিলের কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বাংলাদেশ সময়: ২১:২১:৩৫
