শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

হোম » লিড নিউজ » ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

 

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শূন্যরেখায় তাদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা আটজন যশোর, নড়াইল, সাতক্ষীরা, ফরিদপুর, বরগুনা, পঞ্চগড় ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

 

ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাঁচ ও তিন বছর আগে তারা সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানে দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন কাজ করতেন তারা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতে পাঠানো হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছর করে সাজা দিয়ে দমদম ও তামিলনাড়ুর কেন্দ্রীয় কারাগারে পাঠান।

 

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তারা দেশে ফেরেন।

 

ওসি আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

 

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। শুক্রবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২৪