শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
গলাচিপায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি
হোম » পটুয়াখালী » গলাচিপায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে কোহিনুর বেগম (৪৫) নামের তিন সন্তানের জননীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত ওই গৃহবধূকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোকাইতবোক গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম ওই বাড়ির মো. শহিদুল হাওলাদারের স্ত্রী।
কোহিনুর বেগমের অভিযোগ, তাঁর পালিত ১৬টি হাঁস আটকে রেখে তাঁকে গালাগাল করা হয়। পরে হাঁস ফেরত দেওয়ার কথা বলে তাঁদের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে নজরুল কাজী ওরফে ডাক্তার এবং তাঁর মেয়ে রুমা বেগম একত্র হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মারধরকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিমি দাস বলেন, কোহিনুর বেগম তাঁর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর বেডে ভর্তি আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে।
কোহিনুর বেগমের স্বামী শহিদুল হাওলাদার বলেন, ‘আমার স্ত্রীকে মারধর করেছে। আমি এর সঠিক বিচার চাই।’
আহত কোহিনুর বেগমের ভাই ফারুক পালোয়ান বলেন, তাঁর বড় বোনকে নজরুল কাজী মারধর করেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
কোহিনুর বেগমের মেয়ে পপি আক্তার বলেন, তাঁর মাকে নজরুল ডাক্তার ও তাঁর মেয়ে রুমা মারধর করেছেন।
অভিযোগের বিষয়ে নজরুল কাজী বলেন, ‘কোহিনুর বেগমের হাঁসে আমার জমির ধান খেয়েছে। আমি হাঁস বেঁধে রেখেছি।’
পানপট্টি ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করবেন।
গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) এস এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে নজরুল ডাক্তারের বাড়ি থেকে কোহিনুর বেগমের হাঁস উদ্ধার করা হয়েছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পেয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৯:১১
