শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
কয়রায় জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে যুবদল নেতাসহ আটক ২
হোম » খুলনা » কয়রায় জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে যুবদল নেতাসহ আটক ২
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে খুলনার কয়রায় যুবদল নেতাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের পাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন কয়রা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬)। হাফিজুর রহমান ১ নম্বর কয়রা গ্রামের কেরামত গাজীর ছেলে। আব্দুর রহিম ৫ নম্বর কয়রা গ্রামের জামাল ফারুকের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। এরপর তাঁদের তথ্য অনুযায়ী কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৬ সূত্রের দাবি, আটক হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
যুবদল নেতার আটকের বিষয়ে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি বলেন, কোনো দুষ্কৃতিকারীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না। অস্ত্রসহ কয়রার হাফিজ আটকের বিষয়টি জেনেছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কেন্দ্রীয় যুবদলকে অবহিত করা হবে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৯
