বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

গৌরনদীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ, ঢামেকে ভর্তি

হোম » বরিশাল » গৌরনদীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ, ঢামেকে ভর্তি
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নেওয়ার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী নান্নু মৃধাকে (৪৩) মারধর ও পদদলিত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ডসংলগ্ন নিলখোলা পান আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে নান্নুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে নান্নুর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে নাশকতা প্রতিরোধে বুধবার সন্ধ্যা থেকে রাতভর টরকী বাসস্ট্যান্ড ও নিলখোলা এলাকায় পাহারায় ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টার দিকে নান্নু নিলখোলা পান আড়তের কাছে একটি চায়ের দোকানে যান। এ সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে মহাসড়কে টায়ার জ্বালানোর প্রস্তুতি নেওয়ার সন্দেহে আটক করেন।

 

পরে তাঁকে নির্জন স্থানে নিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে পদদলিত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করেন ওই স্বজন।

 

ওই স্বজন আরও জানান, হামলার পর আহত নান্নুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা তাঁকে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, নান্নুকে মারধরের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০৪