বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, প্রাণে বাঁচলেন সঙ্গীরা
হোম » লিড নিউজ » প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, প্রাণে বাঁচলেন সঙ্গীরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, তারা একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলেন। পথে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এসব বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর চালায়।
তিনি বলেন, হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মানিব্যাগ ও মুঠোফোন তল্লাশি করে তাদের মারধর করে।
ময়েন আরও জানান, একপর্যায়ে হামলাকারীরা তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেয়। তবে মনিরুল হক ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় বিভিন্ন কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার শুরু করে। এরপর মনিরুলকে ধরে নিয়ে যায়। গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখে তিনি ও চালক কোনোমতে প্রাণে বেঁচে ফিরে আসেন।
বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন বলে জানান ময়েন। তিনি বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবেও মনিরুল হক ফরাজির সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে তারা মনিরুল হক ফরাজির অপহরণের বিষয়টি জানতে পেরেছেন। তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, দলটি যে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এ ঘটনা তার প্রমাণ।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, সংবাদকর্মীদের মাধ্যমে তিনি মনিরুল হক ফরাজির বিষয়টি জেনেছেন। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০৬:১৩
