বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

হোম » ঝালকাঠি » ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুনসাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে আগুন ধরিয়ে দেয়। সকাল ৬টার দিকে স্থানীয়রা কার্যালয়ে আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নেভান।

 

বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এর জের ধরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৫