বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

৩০ হাজার বই নিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ ধীরেন

হোম » পিরোজপুর » ৩০ হাজার বই নিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ ধীরেন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


৩০ হাজার বই নিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ ধীরেনসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

বইয়ের প্রতি ভালোবাসা থেকে শুরু। সেই ভালোবাসা থেকেই ছয় দশক ধরে বই সংগ্রহ, পাঠাগার গড়ে তোলা আর নতুন প্রজন্মকে বইমুখী করার নিরন্তর চেষ্টা। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন প্রায় ৩০ হাজার বইয়ের সংগ্রহশালা। শুধু পাঠাগারে বই সাজিয়ে রাখাই নয়, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদেরও ফিরিয়ে আনতে কাজ করেন। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের ধীরেন হালদার এভাবেই এলাকায় পরিচিতি পেয়েছেন ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ হিসেবে।

 

বাবা-মায়ের স্মৃতি ধরে রাখতে তাঁদের নামানুসারে প্রতিষ্ঠা করেছেন ‘গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগার’। বর্তমানে এই পাঠাগারে সংরক্ষিত রয়েছে প্রায় ৩০ হাজার বই। গল্প, উপন্যাস, ইতিহাস, জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে এখানে।

 

নিজ গ্রামে প্রায় ৬০ বছর ধরে ‘অরণি খেলাঘর আসর’ নামে আরেকটি গ্রন্থাগারের সভাপতির দায়িত্ব পালন করছেন ধীরেন হালদার। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে অবসর সময়ে বই পড়তে আসেন।

 

বই মানুষের হাতে পৌঁছে দিতে ধীরেনের রয়েছে নিজস্ব উদ্যোগ। বই সংগ্রহ করে অনেক সময় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের হাতে বই তুলে দিতে প্রতিবছর উদ্যোগ নেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতেও পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর চাওয়া, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে অবসরে যান। তবে শিক্ষকতা থেকে অবসর নিলেও শিক্ষার আলো ছড়ানোর কাজ থামাননি। বর্তমানে ‘আদর্শ শিশু বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

নিজের বই সংগ্রহ ও বিতরণের উদ্যোগ প্রসঙ্গে ধীরেন হালদার বলেন, ‘দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। জ্ঞান আহরণ ও বিতরণের চেষ্টা করেছি। বই পড়ার মধ্যেই সর্বদা নিজেকে নিমগ্ন রেখেছি। আমি বিশ্বাস করি, জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরও বেড়ে যায়।’

 

তিনি আরও বলেন, ‘আধুনিকতার উৎকর্ষে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় মানুষ বইয়ের প্রতি কিছুটা আগ্রহ হারিয়েছে। তবে ভালো বইয়ের গুরুত্ব আজীবন থেকে যাবে। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মননশীলতা তৈরি করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা প্রয়োজন।’

 

পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শামীম খান বলেন, ‘আমি এই গ্রন্থাগারের নিয়মিত পাঠক। স্কুল ছুটির পরে এবং অবসর সময়ে এখানে এসে বই পড়ি। মাঝেমধ্যে কিছু বই সংগ্রহও করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ধীরেন স্যার আমাদের বুঝিয়ে দেন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।’

 

আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ‘ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তাঁর ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করতেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে বই পিপাসু শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। বই বিতরণের জন্য তাঁকে কোনো রেজিস্টার সংরক্ষণ করতেও দেখিনি। বই পড়া এবং বই বিতরণ তাঁর নেশায় পরিণত হয়েছে।’

 

জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার বলেন, ‘ধীরেন হালদার একজন জ্ঞানপিপাসু মানুষ। জ্ঞান বিতরণের মাধ্যমে তিনি এলাকায় আলোকবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। আমিও অবসর সময়ে তাঁর লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি এবং তাঁর খোঁজখবর রাখি।’

 

ডিজিটাল মাধ্যমের বিস্তারে বই পড়ার অভ্যাস যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন ধীরেন হালদার নিজের উদ্যোগে নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন বই। তাঁর কাছে বই সংগ্রহ ব্যক্তিগত শখ নয়, বরং জ্ঞান ছড়িয়ে দেওয়ার সামাজিক দায়িত্ব।

 

প্রায় ৩০ হাজার বইয়ের সংগ্রহ, ছয় দশকের পাঠাগার-সংশ্লিষ্টতা এবং শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়ে ধীরেন হালদার চালিয়ে যাচ্ছেন তাঁর বই পড়ার আন্দোলন। তাঁর স্বপ্ন, প্রতিটি ঘরে বই থাকুক, প্রতিটি শিশু বই পড়ুক, আর জ্ঞানের আলোয় আলোকিত হোক সমাজ।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৫