বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

হোম » পিরোজপুর » পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউনসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নাশকতা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্ত পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর শহর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শোডাউন শুরু করেন। পরে নাজিরপুর উপজেলা সদরে গিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

 

সভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি গড়ে তুলতে হবে। টুঙ্গিপাড়া পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় সেখানে কোনো বিপদ বা সমস্যা দেখা দিলে পিরোজপুরের নেতাকর্মীরা পাশে থাকবেন। প্রয়োজন হলে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে সংশ্লিষ্টরা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি ও ছাত্রদল বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করে আসছে এবং ভবিষ্যতেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে।

 

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ নভেম্বর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানমালিকের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন তারা।

 

পরে মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী এলাকায় যান নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গত দুই দিনে ওই এলাকায় বিএনপির দুটি কার্যালয় ও এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

কর্মসূচি শেষে নেতাকর্মীরা পিরোজপুরের উদ্দেশে রওনা হন। ফেরার পথে জেলার বিভিন্ন এলাকাতেও মোটরসাইকেল শোডাউন করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০১