বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
বরিশালে নানকের বাসভবনে হামলা-ভাঙচুর
হোম » বরিশাল » বরিশালে নানকের বাসভবনে হামলা-ভাঙচুর
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর বটতলা এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে। এতে বাড়ির জানালার কাচ, নিচতলার গার্ড রুম ও সামনের কয়েকটি সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। পরে নিচতলার গার্ড রুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন তাঁরা। তবে ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:১৫:৪৭
