বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় অঞ্চলসহ পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
হোম » আবহাওয়া » ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় অঞ্চলসহ পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
সাগরকন্যা ডেস্ক
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলো রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব বিভাগের কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এ সময় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ১২:৩২:২৪
