বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে মনপুরায় রাতভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ
হোম » আবহাওয়া » ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে মনপুরায় রাতভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকাভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ। এতে উপকূলজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টির কারণে উপকূলজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘর থেকে বের হতে না পারায় দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে বৃষ্টি হলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কতা জারি না থাকায় মনপুরার নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ মনপুরায় পৌঁছেছে। এ ছাড়া হাজিরহাট সিট্রাক ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার তজুমদ্দিনের উদ্দেশে ছেড়ে গেছে।
ঘাটের দায়িত্বে থাকা সুপারভাইজাররা জানান, মনপুরার সব নৌপথে যাত্রী ও মালবাহী লঞ্চ, সিট্রাক এবং ট্রলার নিয়মিত চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১২:০০:৪০
