বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
বাকেরগঞ্জে প্রায় ৫০০ বছরের পুরোনো নসরত গাজী মসজিদ
হোম » বরিশাল » বাকেরগঞ্জে প্রায় ৫০০ বছরের পুরোনো নসরত গাজী মসজিদ
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে প্রায় পাঁচ শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে নসরত গাজী মসজিদ। উপজেলার শিয়ালঘুনি গ্রামে অবস্থিত প্রাচীন এই স্থাপনা সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। উপজেলা সদর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।
স্থানীয়দের দাবি, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরোনো। তবে এর প্রধান ফটকে নির্মাণকাল হিসেবে ১৫৩২ খ্রিস্টাব্দ উল্লেখ রয়েছে। সে হিসাবে স্থাপনাটির বয়স ৪৯৪ বছর। ব্রিটিশ আমলের নথিপত্রে মসজিদের দেয়ালে শিলালিপি থাকার তথ্য পাওয়া গেলেও বর্তমানে সেটির অস্তিত্ব নেই। ফলে সুনির্দিষ্ট নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেই।
মসজিদটির নির্মাণকাল নিয়ে প্রচলিত আরেকটি ধারণা হলো, হোসেন শাহী রাজবংশের দ্বিতীয় শাসক নাসিরুদ্দিন নুসরত শাহের শাসনামলে এটি নির্মিত হয়। আলাউদ্দিন হোসেন শাহের বড় ছেলে নুসরত শাহ ১৫১৯ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। ধারণা করা হয়, মসজিদটি তাঁর নামে অথবা তাঁর অনুসারী নসরত গাজীর নামে নির্মিত হয়েছিল। এ বিবেচনায় প্রধান ফটকে উল্লেখ করা ১৫৩২ খ্রিস্টাব্দের নির্মাণকাল ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হয়।
বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত নসরত গাজী মসজিদটি ২০১৪-১৫ অর্থবছরে সংস্কার করা হয়।
এক গম্বুজবিশিষ্ট বর্গাকার মসজিদটির নির্মাণশৈলীতে সুলতানি আমলের বৈশিষ্ট্য স্পষ্ট। চুন-সুরকি ও পাতলা বর্গাকার ইট দিয়ে নির্মিত মসজিদটির অভ্যন্তরের দৈর্ঘ্য প্রায় ৪ দশমিক ৫০ মিটার। দেয়ালের পুরুত্ব প্রায় ১ দশমিক ৪৩ মিটার। চার কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতির স্তম্ভ। পূর্ব, উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে গথিক খিলানবিশিষ্ট প্রবেশপথ। প্রবেশপথের খিলানের নকশার সঙ্গে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের স্থাপত্যশৈলীর মিল রয়েছে।
মসজিদটির উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথ বর্তমানে লোহার গ্রিল দিয়ে বন্ধ রাখা হয়েছে। এর পশ্চিম দেয়ালে রয়েছে একটি মাত্র মিহরাব। সুলতানি আমলের অধিকাংশ মসজিদে যেখানে সাধারণত তিনটি মিহরাব দেখা যায়, সেখানে নসরত গাজী মসজিদের একটি মিহরাব থাকা স্থাপনাটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।
মসজিদের দেয়াল, কার্নিশ ও স্তম্ভজুড়ে রয়েছে ফুল ও লতাপাতার নান্দনিক অলংকরণ। উত্তর ও দক্ষিণ দেয়ালে ছোট ছোট চারটি মিহরাবসদৃশ খিলান রয়েছে। সেগুলোর পাশে আলোকবাতি রাখার ব্যবস্থাও রয়েছে।
প্রায় পাঁচ শতাব্দী পেরিয়েও স্থাপত্যের স্বকীয়তা ধরে রাখা নসরত গাজী মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরিশাল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্যেরও গুরুত্বপূর্ণ নিদর্শন।
বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৬
