বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় বাস কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আহত ১
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বাস কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আহত ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এতে নিপু হাওলাদার নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। অপর যুবক আদিল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বাস স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দুই যুবককে দেখতে পেয়ে আটক করেন। পরে তাদের মারধর করে টহল পুলিশের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ নিপু হাওলাদারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্য যুবক আদিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বাস স্টেশনে দুই যুবক ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের আটক করেন। স্থানীয়দের মারধরে নিপু নামের একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, আহত নিপুর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা-ও জানা যায়নি। আদিল নামের আরেক যুবক পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৭:৪৮:১০
