বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

গলাচিপায় বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান

হোম » পটুয়াখালী » গলাচিপায় বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


গলাচিপায় বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগানসাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ছাড়া একই এলাকার আরও তিনটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লিখেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মধ্য সাউদের হাওলা, পশ্চিম কল্যাণ কলস ও উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পেট্রোল বোমাসদৃশ একটি কাচের বোতল নিক্ষেপ করা হয়। সকালে বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস শুরুর আগে ভবনের কাছে কলাগাছের পাশে বোতলের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। এ সময় দ্বিতীয় শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে পোড়া দাগ এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্লোগান লেখা দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, গভীর রাতে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে এসে তাঁরা কাচের বোতলের ভাঙা টুকরো দেখতে পান। দেয়ালে পোড়া দাগের পাশাপাশি বিভিন্ন স্থানে স্লোগানও লেখা ছিল।

 

গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, কলাগাছিয়া ইউনিয়নের সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক কথা লেখা রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা থানায় যোগাযোগ করেছেন।

 

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, বিদ্যালয়গুলোতে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:০২