বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে আটকাল ছাত্রদল, প্রকৌশলীকে মারধরের অভিযোগ
হোম » বরিশাল » বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে আটকাল ছাত্রদল, প্রকৌশলীকে মারধরের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেছে ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আটক চারজনকে মারধর, একজনের চশমা ভাঙা এবং আরেকজনের শার্ট ছিঁড়ে ফেলার অভিযোগও করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওই চারজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন সিকদার।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু সেই সুযোগ না নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চারজনকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।
উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে লাঞ্ছিত করার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, তিনি একজনকে ছাড়িয়ে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।
এ ঘটনার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত চারজনকে আমাদের কাছে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে প্রক্টর বলেন, দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছেই দিতে হবে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে থানায় সোপর্দ করেছে। তারা অভিযোগ দিলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:২৯:১৬
