বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
আগৈলঝাড়ায় ৫০ কৃষককে বিনামূল্যে খেশারির বীজ ও সার বিতরণ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ৫০ কৃষককে বিনামূল্যে খেশারির বীজ ও সার বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে খেশারির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ডালের চাহিদা পূরণ ও আমদানিনির্ভরতা কমাতে খেশারির উৎপাদন বাড়ানো জরুরি। বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা এ ডাল চাষে আরও আগ্রহী হবেন। এতে কৃষকের আর্থিক লাভের পাশাপাশি দেশের ডাল উৎপাদনও বাড়বে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৮ কেজি খেশারির বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এ সময় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:১১:৫৮
