সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
হোম » বরিশাল » সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
সাগরকন্যা প্রতিবেদক, হিজলা (বরিশাল)
সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে মাত্র এক সপ্তাহ আগে। সন্তান না হওয়াকে কেন্দ্র করে ভেঙে গেছে বরিশালের হিজলা উপজেলার মাসকাটা গ্রামের জান্নাতুল ইতির সংসার। তবে বিচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। দেশে-বিদেশ থেকে তাঁর কাছে এসেছে ৩০০টির বেশি বিয়ের প্রস্তাব।
ইতির কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি কুয়েত, লন্ডন ও যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও। ফেসবুক, ইমো ও ফোনকলের মাধ্যমে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।
এত মানুষের সাড়া পেয়ে বিস্মিত ইতি। তিনি বলেন, আমি নিজেই অবাক হয়ে গেছি। কুয়েত আর লন্ডন থেকে যে প্রস্তাব আসবে, এটা আমি ভাবতেও পারিনি। সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, কেউ ভুল বোঝে নাই।
নিজের সংসার ভাঙার পেছনে সন্তান না হওয়াকেই একমাত্র কারণ হিসেবে উল্লেখ করেছেন ইতি। তাঁর অভিযোগ, বিয়ের সাত বছরেও সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর সঙ্গে আর সংসার করতে চাননি। বিষয়টি নিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি। চিকিৎসার জন্য অন্তত ছয় মাস সময় চেয়ে কান্নাকাটিও করেছেন। তাঁর বাবা ইতিমালি সর্দার মেয়ের চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তাতেও শ্বশুরবাড়ির লোকজনের মন গলেনি বলে জানান ইতি।
কান্নাজড়িত কণ্ঠে ইতি বলেন, ‘সন্তান না হওয়া কি আমার হাতে? এটা তো উপরওয়ালার হাতে। তারপরও ওনারা আমার সঙ্গে যে জুলুমটা করল, এটা ঠিক করল না। মনে হইছে আসমান ভাইঙা আমার মাথায় পড়ছে।’
এত বিয়ের প্রস্তাব এলেও আপাতত নতুন করে সংসার শুরু করার কথা ভাবছেন না ইতি। সাত বছরের সম্পর্ক ভেঙে আসার পর নিজেকে সামলে নিতে কিছুটা সময় চান তিনি।
ইতি বলেন, ‘মাত্র একটা সংসার ভাইঙা আসলাম। একটু সময় নিচ্ছি।’
ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে অর্থ-সম্পদের চেয়ে ভালো মনের মানুষকে প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন তিনি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিজের পরিবারের প্রতিও সমান গুরুত্ব দিতে চান।
ইতি বলেন, ‘আগে নিজের ফ্যামিলির চেয়ে ওনাদের ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিছিলাম। এখন আর তা করব না।’
তবে বিয়ে বা নতুন সম্পর্কের বাইরেও নিজের জীবন নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে ইতির। কারও করুণার ওপর নির্ভর না করে চাকরি কিংবা কোনো কাজের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি।
তাঁর ভাষায়, ‘আমি কারো করুণার পাত্রী হইয়া বাঁচতে চাই না। একটা চাকরি বা একটা কাজ কইরা নিজের পায়ে দাঁড়াইতে চাই।’
ইতি জানান, কঠিন এ সময়ে তাঁর পরিবার পুরোপুরি পাশে রয়েছে। হিজলার মানুষের কাছেও তাঁর প্রত্যাশা, তাঁরা যেন তাঁকে ভুল না বোঝেন এবং ভবিষ্যতেও পাশে থাকেন।
বাংলাদেশ সময়: ২২:২৯:২০
