সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

কপ৩১-এ বিশ্বমঞ্চে উপকূলবাসীর সংকট তুলে ধরছেন বরগুনার মুন্না

হোম » বরগুনা » কপ৩১-এ বিশ্বমঞ্চে উপকূলবাসীর সংকট তুলে ধরছেন বরগুনার মুন্না
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


কপ৩১-এ বিশ্বমঞ্চে উপকূলবাসীর সংকট তুলে ধরছেন বরগুনার মুন্নাসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বিভিন্ন অধিবেশন ও পার্শ্ব-অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় মানুষের সংকট, দুর্ভোগ ও অধিকার তুলে ধরছেন বরগুনার তরুণ জলবায়ুকর্মী খাইরুল ইসলাম মুন্না।

 

শৈশব থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার অভিজ্ঞতাই তাঁকে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলতে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

 

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সন্তান খাইরুল ইসলাম মুন্না গত ৮ নভেম্বর থেকে কপ৩১ সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানোই তাঁর মূল লক্ষ্য।

 

মুন্নার বাবা সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত।

 

আরিফুল ইসলাম মান্না বলেন, উপকূলের মানুষের সংকট শুধু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন।

 

এই উপলব্ধি থেকেই মুন্না তরুণদের সংগঠিত করে প্রতিষ্ঠা করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। বর্তমানে বরিশাল বিভাগজুড়ে সংগঠনটির কার্যক্রম চলছে। ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্বেও রয়েছেন তিনি।

 

কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মুন্না বলেন, তুরস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্বমঞ্চে উপকূলের মানুষের বাস্তবতা তুলে ধরাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

 

জলবায়ু অর্থায়নের বিষয়টিও সম্মেলনে গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন মুন্না। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে তহবিল পাওয়া ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ অনুদান হিসেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। উপকূলের মানুষের জন্য বরাদ্দ এই অর্থ যেন যথাযথভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হয়, সরকারের কাছে সেটাই তাঁর প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২২