সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
কয়রায় অপহরণের আট মাস পর শরণখোলা থেকে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
হোম » খুলনা » কয়রায় অপহরণের আট মাস পর শরণখোলা থেকে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা থেকে অপহরণের আট মাস পর বাগেরহাটের শরণখোলা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী আফরোজা সুলতানাকে উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানাকে অপহরণ করা হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা আসমা পারভীন বাদী হয়ে ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে তাকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
পুলিশ আরও জানায়, অপহরণকারীরা বারবার মোবাইল নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করতে সময় লাগে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে প্রথমে অপহরণকারীদের সহযোগী ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের মূল অভিযুক্ত রুবেল গাজী ও তার মাকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শরণখোলায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:১১
