সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে নবান্ন উৎসব, ছিল পিঠাপুলি ও গ্রামীণ খেলাধুলা
হোম » কৃষি » গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে নবান্ন উৎসব, ছিল পিঠাপুলি ও গ্রামীণ খেলাধুলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
নতুন ধান ঘরে তোলার আনন্দে একসময় অগ্রহায়ণ মাসজুড়ে গ্রামবাংলায় চলত নবান্ন উৎসব। নাচ-গান, খেলাধুলা, পিঠাপুলি ও নানা আয়োজনে মেতে উঠতেন গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ। কালের বিবর্তনে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী এ শস্যোৎসব অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠোনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে আয়োজিত উৎসবে মুগডাল, বাদাম ও তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশ নেন।
উৎসব উপলক্ষে সংগঠনের সদস্য ও স্থানীয় কৃষকেরা নতুন পোশাক পরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র্যালি বের করেন। পরে আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজন করা হয়।
উৎসবে সাতটি স্টলে প্রদর্শন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার ও কৃষিপণ্য। এর মধ্যে ছিল নকশি পিঠা, পুলি, নাড়ু, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি, পায়েস, চালভাজা, বাদাম ও নারকেল। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, নারকেল ও বাদামসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ। হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানো ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভী পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
বক্তারা বলেন, নবান্ন উৎসব শুধু নতুন ধান ঘরে তোলার আনন্দ নয়, এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ এ উৎসবে অংশ নিতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ প্রান্তিক কৃষকদের দুঃখ-কষ্ট ভুলিয়ে গ্রামবাংলায় তৈরি করত উৎসবমুখর পরিবেশ।
তাঁরা আরও বলেন, আধুনিকতার প্রভাবে নবান্ন উৎসবের আয়োজন কমে যাচ্ছে। নতুন প্রজন্ম ক্রমেই গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তরুণদের একটি অংশ মাদকের দিকেও ঝুঁকছে। নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।
বক্তারা কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, তাঁদের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নবান্ন উৎসব দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন এ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম রয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সংগঠনটি বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে।
এ সময় সংগঠনের সভাপতি রিতা ব্রাম্মা তাঁদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন। দিনব্যাপী উৎসবে কৃষকদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের বন্ধন তৈরি হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:১১
