বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
হোম » খুলনা » বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল বাদী হয়ে মামলা দুটি করেন। শাহীনুল আলম ছানা বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে ছানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়। পরে তাঁদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হলে ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা দুদকে সম্পদের হিসাব জমা দেন।
বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাই-বাছাইয়ে তাঁদের দাখিল করা বিবরণীতে গরমিল ও বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদের তথ্য পাওয়া যায়।
দুদকের এজাহার অনুযায়ী, শাহীনুল আলম ছানা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার সম্পদ পাওয়া গেছে। সব মিলিয়ে তাঁর নিট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। এ মামলায় ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কাল বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, ঝর্ণা আলমের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিলেও দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বৈধ আয় ও অন্যান্য বিষয় বিবেচনায় তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ মামলায় ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কাল ধরা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪০:১৮ ● ২১ বার পঠিত
