বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
গলাচিপায় একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৭ হাজার মানুষ, ঝুঁকিতে ৫০০ শিক্ষার্থী
হোম » পটুয়াখালী » গলাচিপায় একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৭ হাজার মানুষ, ঝুঁকিতে ৫০০ শিক্ষার্থী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় একটি ব্রিজের অভাবে তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ও ৫০০ শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি খাল। খালটির ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রায় ২৪০ ফুট দীর্ঘ এই সাঁকো দিয়ে প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৭ হাজার মানুষ চলাচল করেন।
তবে সরু ও ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বেশি।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলল, ‘আমি প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পা পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। ছোট শিশুদের জন্য আরও বেশি ঝুঁকি, কারণ তাদের অনেকে সাঁতার জানে না। অনেক সময় তারা খালের পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়।’
হাবিবা আরও বলে, যাতায়াতের ব্যবস্থা ভালো না হওয়ায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, প্রতিদিন এই সাঁকো দিয়েই তাকে বিদ্যালয়ে যেতে হয়। আসা-যাওয়ার সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। সব সময় বাবা-মায়ের পক্ষেও সঙ্গে করে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তাই সেখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানায় সে।
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন সাগরকন্যাকে বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। অনেকবার স্কুলের শিশুরা এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। একটি ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে।’
আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খা বলেন, ‘আমাদের এখন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে দাবি, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক।’
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। খালটির ওপর ২৪০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাঁরা বিভিন্নভাবে সেখানে ব্রিজ নির্মাণের চেষ্টা করছেন। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ নির্মাণ হচ্ছে না।
আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পুল নির্মাণের জন্য তাঁরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০:৫০:১৭ ● ১৬ বার পঠিত
