মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
গৌরনদীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
হোম » বরিশাল » গৌরনদীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে গৌরনদী থানায় মামলা করেছেন। এদিকে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে মারধর করেন।
অভিযুক্তের নাম সেন্টু ভূইয়া। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, প্রতিবেশী হওয়ায় সেন্টু প্রায়ই ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তিনি ছাত্রীকে নাতনী বলে ডাকতেন এবং ছাত্রী তাঁকে দাদা বলে সম্বোধন করত।
ছাত্রীর মায়ের অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়ে সেন্টু বিভিন্ন স্থানে ঘুরতে নেওয়া ও খাবার কিনে দেওয়ার মাধ্যমে তাঁর মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে জমি লিখে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত মাসের বিভিন্ন তারিখে বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ৩ নভেম্বর সকাল ৯টার দিকে ওই ছাত্রী সেন্টুর বাড়িতে গেলে সেখানে অন্য কেউ না থাকার সুযোগে তাঁকে ঘরে নিয়ে ১৩ শতাংশ জমি লিখে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রী তার পরিবারের কাছে বিস্তারিত ঘটনা জানায়।
অভিযোগ অস্বীকার করে সেন্টু ভূইয়া বলেন, এক বছর আগে ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ নভেম্বর দুপুরে দুজনের সম্মতিতে বরিশালে আদালতে বিয়ে করেছেন। ওই ছাত্রী তাঁর দ্বিতীয় স্ত্রী। বিষয়টি রোববার সন্ধ্যায় স্বীকার করার পর স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন বলে দাবি করেন তিনি।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ছাত্রীর মায়ের করা ধর্ষণ মামলায় সেন্টু ভূইয়াকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৩২ ● ১৪ বার পঠিত
