মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
হোম » খুলনা » অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা বন্ধ রাখা এবং উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।
অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, পাসপোর্ট করতে গিয়ে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের।
গ্রাহকদের আরও অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অফিসের উপপরিচালকও নিয়মিত সময়মতো উপস্থিত হন না বলে অভিযোগ করেন তাঁরা।
এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, এ অফিসে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:১১:৫৭ ● ১৪ বার পঠিত
