মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ১২ সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিশনেট প্রকল্পের আওতায় এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।
সভায় জলমহাল লিজ, খাসজমির আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিকল্প জীবিকায়ন, জেলে নিবন্ধন ও সঞ্চয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, কলাপাড়া উপজেলার ২২২টি জলমহাল ক্যালেন্ডারভুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তবে এখনো অনুমোদিত তালিকা পাওয়া যায়নি। এ বিষয়ে আগামী ১৭ নভেম্বর নেটওয়ার্কের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও উত্তরণের একজন প্রতিনিধি জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পটুয়াখালীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া রেড ক্রিসেন্টের পুকুর বাংলা ১৪৩৪ সালের জন্য লিজ নেওয়ার উদ্যোগ এবং ভূমিহীনদের খাসজমির আবেদন প্রক্রিয়ায় সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে ভূমিহীন সনদ সংগ্রহে নেটওয়ার্কের সদস্যরা সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রেণু আহরণে জড়িত ২৭৫ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককে নগদ ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ট্রেডে ১১৯ জনকে এ সহায়তা দেওয়া হয়েছে।
জেলে নিবন্ধনের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনার তথ্য জানানো হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর নিবন্ধন কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ফিশনেট প্রকল্পের যেসব সদস্যের জেলে কার্ড নেই, তাঁদের তালিকা তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ফিশনেট প্রকল্পের প্রাথমিক দলের সভাগুলো নেটওয়ার্কের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করব। কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। উত্তরণের সব কার্যক্রমে আমরা সহযোগিতা করব।’
বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৯ ● ১৬ বার পঠিত
