মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
মামলা তুলে না নেওয়ায় নারীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি
হোম » বরগুনা » মামলা তুলে না নেওয়ায় নারীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী আফরোজা খানম পারুলকে এসিডে ঝলসে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপত্তাহীনতায় তাঁরা ঘর থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন আফরোজা।
মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আফরোজা খানম পারুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার সামছুল হক খলিফা তাঁর শ্বশুর। শ্বশুরের ২ একর ৪৮ শতাংশ জমি নিয়ে তাঁর ফুফু শাশুড়ি জয়নব বিবি ও তাঁর ওয়ারিশদের সঙ্গে বিরোধ চলছে। এ বিরোধে ২০১৬ সালে জয়নব বিবি ও তাঁর ওয়ারিশরা বরগুনা জজ আদালতে মামলা করেন। গত ৫ অক্টোবর ওই মামলার রায় হয়। রায়ের বিরুদ্ধে তাঁর ভাসুরের ছেলে সাইফুল খলিফা গত ১ নভেম্বর বরগুনা জজ আদালতে আপিল করেন। আদালত আপিলটি আমলে নিয়ে আগামী বছরের ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।
আফরোজার অভিযোগ, গত ৪ নভেম্বর শতাধিক লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেন জয়নব বিবির নাতি জসিম হাওলাদার। খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি অপসারণ করে এবং ওই জমিতে ঘর নির্মাণ না করার নির্দেশ দেয়। কিন্তু পুলিশের নিষেধ উপেক্ষা করে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে শতাধিক লোক নিয়ে একই জমিতে আবারও ঘর নির্মাণ করেন জসিম।
এ ঘটনায় গত ৮ নভেম্বর আফরোজা খানম পারুল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিম হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আফরোজা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর জসিম হাওলাদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে নিতে তাঁকে চাপ দেন। রাজি না হওয়ায় তাঁকে ও পরিবারের সদস্যদের এসিড দিয়ে ঝলসে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁদের ভয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। বাইরে বের হলে তাঁকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আফরোজার দাবি, ঘটনা ধামাচাপা দিতে গত ৯ নভেম্বর জসিম হাওলাদার তাঁর সহযোগী লতিফ মোল্লাকে বাদী করে তাঁকেসহ আটজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাইফুল খলিফা, সোবাহান খলিফা, মাসুদ রানা, আছিয়া বেগম, রাশিদা বেগম ও আয়শা বেগম উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জসিম হাওলাদার ঘর নির্মাণের কথা স্বীকার করেন। তবে কাউকে এসিড দিয়ে ঝলসে দেওয়া বা হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। এসিড দিয়ে ঝলসে হত্যার হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৮ ● ১২ বার পঠিত
