সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক
হোম » বরগুনা » আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও তাঁদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, হাসপাতালে আসা রোগীরা যেন যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার মান ও ধারাবাহিকতা বজায় রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক।
এ সময় আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪২ ● ২৩ বার পঠিত
