সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

কলারোয়ায় নয়, পথ হারিয়ে কলাপাড়ায়; ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন শানু বেগম

হোম » পটুয়াখালী » কলারোয়ায় নয়, পথ হারিয়ে কলাপাড়ায়; ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন শানু বেগম
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন শানু বেগম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন আপন ঠিকানায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন তিনি।

 

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসযোগে তাঁকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। তাঁকে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন তাঁর প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)।তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন সাগরকন্যাকে জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগমের পথ হারানোর খবরটি পেয়েছেন। প্রথমদিকে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ ঠিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা করেছেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পরিচয় শনাক্ত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

জানা গেছে, গত ২২ অক্টোবর সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শানু বেগম। পরে পথ হারিয়ে চলে আসেন কলাপাড়ায়। গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১০ দিন তাঁর অস্থায়ী আশ্রয় ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁকে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:২৬:৩১ ● ২৩ বার পঠিত