রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
বরগুনার বিষখালী নদীতে দুই দিন পর মিলল শিশু নিহানের মরদেহ
হোম » বরগুনা » বরগুনার বিষখালী নদীতে দুই দিন পর মিলল শিশু নিহানের মরদেহ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
পরিবারের সঙ্গে ঘুরতে এসে বিষখালী নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের শিশু নিহান। কিন্তু নদীর প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর দুই দিন ধরে নিখোঁজ ছিল সে। অবশেষে রবিবার (৮ নভেম্বর) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় নিহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে সে তলিয়ে যায়। মুহূর্তেই চোখের আড়ালে চলে যায় শিশুটি। পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল ৪টা থেকে নদীতে তল্লাশি চালানো হয়। টানা দুই দিন অভিযান চালানোর পর রবিবার সকালে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদী থেকে নিহানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহানের বাবা বলেন, ‘আমার ছেলের এমন মর্মান্তিক মৃত্যু হবে, তা আমরা কল্পনাও করতে পারিনি।’
বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, খবর পাওয়ার পর পটুয়াখালী থেকে ডুবুরি ইউনিট এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দুই দিন পর রবিবার সকালে নলটোনা ইউনিয়ন এলাকায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:১৪ ● ২৫ বার পঠিত
