রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

নলছিটিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

হোম » ঝালকাঠি » নলছিটিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

নলছিটিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ।

 

পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় সিরাজ মোল্লার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে ওসি মো. তৌহিদুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা হাতকড়া পরা অবস্থায় সিরাজ মোল্লাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেন। পাশাপাশি পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

 

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুত সিরাজ মোল্লাসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৫০ ● ২৭ বার পঠিত