রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন ৫ সমবায়ী
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন ৫ সমবায়ী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি সমবায় সমিতি ও পাঁচজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ক্যাম্পাসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী। তিনি স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, খেপুপাড়া সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মো. নুরুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় পরিচালিত প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভের সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
দিবসটি উপলক্ষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি সমবায় সমিতি ও পাঁচজন সমবায়ীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ আয়োজন ঘিরে সমবায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৩ ● ২৬ বার পঠিত
