শনিবার ● ৭ নভেম্বর ২০২৬

সুন্দরবনে চরে আটকে যাওয়া বোট ছাড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে পর্যটক নিখোঁজ

হোম » পর্যটন » সুন্দরবনে চরে আটকে যাওয়া বোট ছাড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে পর্যটক নিখোঁজ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


 

সুন্দরবনে চরে আটকে যাওয়া বোট ছাড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে পর্যটক নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের দুবলার চর এলাকায় চরে আটকে পড়া পর্যটকবাহী বোট ছাড়াতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছেন রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক। এ সময় আরও তিন পর্যটক ভেসে গেলেও তাঁদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

 

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে রিয়াজ আহমেদ ও তাঁর সঙ্গীরা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব জমা দেন। ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের পর্যটকবাহী বোটটি গত ৫ নভেম্বর সুন্দরবন ভ্রমণে যাত্রা করে। বোটটির বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪। এতে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন ও গাজীপুরের একজনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।

 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। শুক্রবার দুপুর ১টার দিকে বোটটি ছাড়ানোর জন্য কয়েকজন পর্যটক নিচে নেমে ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে চেষ্টা ব্যর্থ হলে তাঁরা বোটে ফিরে আসার সময় হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান। পরে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।

 

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, পর্যটকেরা সাতক্ষীরা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর থেকে দুবলার চর ও আলোরকোল এলাকার বন বিভাগের মাঠকর্মী এবং কোস্ট গার্ড সদস্যরা যৌথভাবে নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩২ ● ১৯ বার পঠিত