শনিবার ● ৭ নভেম্বর ২০২৬

শুক্রবার দোকান বন্ধের সিদ্ধান্তে বিভক্ত কলাপাড়ার ব্যবসায়ীরা

হোম » পটুয়াখালী » শুক্রবার দোকান বন্ধের সিদ্ধান্তে বিভক্ত কলাপাড়ার ব্যবসায়ীরা
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


 

শুক্রবার দোকান বন্ধের সিদ্ধান্তে বিভক্ত কলাপাড়ার ব্যবসায়ীরা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শুক্রবার সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ব্যবসায়ী সমবায় সমিতির সিদ্ধান্তে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী। তাঁদের দাবি, শুক্রবার জুমার নামাজের সময়টুকু বাদ দিয়ে বাকি সময় দোকান খোলা রাখার সুযোগ দিতে হবে।

 

ব্যবসায়ীদের অভিযোগ, সমিতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে।

 

শুক্রবার পৌর শহরে ফার্মেসি, ফল, পান ও মাছের দোকান খোলা দেখা গেলেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে প্রয়োজনীয় পণ্য কিনতে এসে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। কেউ কেউ বিয়ে ও অন্যান্য জরুরি কাজের কেনাকাটা করতে আমতলীসহ আশপাশের বিভিন্ন বাজারে যেতে বাধ্য হয়েছেন।

 

ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এমনিতেই ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় শুক্রবার সারাদিন দোকান বন্ধ রাখলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। জুমার নামাজের সময়টুকু বাদ দিয়ে দোকান খোলা রাখার সুযোগ দিলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি ক্রেতারাও প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

 

এ বিষয়ে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে শুক্রবার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অন্যদিকে, সিদ্ধান্তে অসন্তুষ্ট অনেক ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্যের মাধ্যমে আগামী শুক্রবার দোকান খোলা রাখার ঘোষণা দিয়েছেন। এতে সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে দোকান খোলা রাখার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা ও বিভক্তি তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৯ ● ২৯ বার পঠিত