শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ
হোম » জাতীয় » ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ
সাগরকন্যা প্রতিবেদক
ক্ষতিকর ধূলিকণায় দূষিত হয়ে উঠেছে রাজধানী ঢাকার বাতাস। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শনিবার (৭ নভেম্বর) সকালে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল ৯টার দিকে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। তালিকায় ৫২৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। উভয় শহরের বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।
এদিকে ২৩৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা ছিল তৃতীয় এবং ১৬৮ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল ছিল পঞ্চম অবস্থানে। কলকাতার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং কাবুলের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদেরও বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রমের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ৯:২৪:২৯ ● ১৮ বার পঠিত
