শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬

মির্জাগঞ্জে যুথি হত্যার বিচারের দাবিতে মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে যুথি হত্যার বিচারের দাবিতে মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


 মির্জাগঞ্জে যুথি হত্যার বিচারের দাবিতে মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রী ইশরাত জাহান যুথি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সুবিদখালী আর.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা যুথি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

নিহত ইশরাত জাহান যুথি উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী আর.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন সে ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। তখন শিক্ষকরা জানান, যুথি সেদিন বিদ্যালয়ে যায়নি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

 

পরে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে যুথির মরদেহ উদ্ধার করা হয়।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৯ ● ২৫ বার পঠিত