বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ভারতীয় ভিসায় নতুন নির্দেশনা, অঙ্গীকারনামা ছাড়া আবেদন গ্রহণ নয়
হোম » জাতীয় » ভারতীয় ভিসায় নতুন নির্দেশনা, অঙ্গীকারনামা ছাড়া আবেদন গ্রহণ নয়
সাগরকন্যা প্রতিবেদক
ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পরে ফর্মটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনপত্রের সঙ্গে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করতে হবে। শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে।
অঙ্গীকারনামায় আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য, যেমন পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের বিষয় উল্লেখ করতে হবে।
ফর্মে আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে, তিনি ভিসায় উল্লেখ করা উদ্দেশ্যেই ভারত সফর করবেন এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করা এবং দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতিও দিতে হবে।
এ ছাড়া আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক এবং আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন, এমন ঘোষণাও দিতে হবে। ভারতে অবস্থানকালে কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে। এসব শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ফর্মে সতর্ক করা হয়েছে।
অঙ্গীকারনামার শেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়কে ফর্মে স্বাক্ষর করতে হবে।
বাংলাদেশ সময়: ২০:২০:২৩ ● ২৩ বার পঠিত
