বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতার বার্তা ছড়াতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতার বার্তা ছড়াতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


 

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতার বার্তা ছড়াতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতার স্লোগানসংবলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল এ উদ্যোগ নেন।

 

এ কর্মসূচিতে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্য, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), স্বেচ্ছাসেবী সংগঠন ধূমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা), অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী এবং ছাত্রদলের সদস্যসহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী।

 

কর্মসূচির অংশ হিসেবে জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সৈকত পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, টোয়াকের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার এবং কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।

 

কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিত সৈকত পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ কাজে তাঁরা সব সময় সহযোগিতা করতে চান।

 

টোয়াকের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের প্রধান আকর্ষণ সমুদ্রসৈকত। সৈকত অপরিচ্ছন্ন থাকলে পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা যায়। তাই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যটকদেরও যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করতে হবে।

 

পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু পৌরসভার একার পক্ষে তা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৪:৪২:১৬ ● ২২ বার পঠিত