বুধবার ● ৪ নভেম্বর ২০২৬

ভান্ডারিয়ায় এইচএসসি-আলিমে ফল বিপর্যয়, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং

হোম » লিড নিউজ » ভান্ডারিয়ায় এইচএসসি-আলিমে ফল বিপর্যয়, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


 

ভান্ডারিয়ায় এইচএসসি-আলিমে ফল বিপর্যয়, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে প্রশাসন।

 

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হয়।

 

প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না। এ ছাড়া বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

একই সঙ্গে ছোট শিশুদের ডোবা, পুকুর, খাল ও নদী থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফলের মান উন্নয়নে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নির্দেশনাগুলো মেনে চলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:০৬:৩২ ● ২৪ বার পঠিত