বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের বদল ফাজিল পরীক্ষার কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা
হোম » শিক্ষা » ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বদল ফাজিল পরীক্ষার কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় ফাজিল (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। প্রথমে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় কেন্দ্র নির্ধারণের পর এবার পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
বুধবার (৪ নভেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনায় আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষাসংক্রান্ত নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ৪ নভেম্বরের মধ্যে নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার স্মারক এবং সংশ্লিষ্ট আবেদনের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, বারবার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন কেন্দ্রটি পচা নদীর ওপারে হওয়ায় ফেরি ও ট্রলারে নদী পারাপার করে পরীক্ষার্থীদের যাতায়াত করতে হবে। এতে সময় ও ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার ঠিক আগমুহূর্তে কেন্দ্র পরিবর্তনের কারণে যাতায়াতের ব্যবস্থা ও পরীক্ষার প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৩২ ● ২৭ বার পঠিত
