বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জেলে নিহত, আহত ২
হোম » জেলে-মৎস্য » পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জেলে নিহত, আহত ২
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন ‘সীমা-৩’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার মো. জয়নাল খলিফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরের সাহায্যে পানি তুলে ট্রলারটি ধোয়ার কাজ চলছিল। এ সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সঙ্গে ঘর্ষণে বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রলারে থাকা কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার খালের পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় ডুবুরি মজিবর রহমান প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০৮:২৩ ● ২৬ বার পঠিত
