বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
মনপুরায় ভিটি বরাদ্দ বাতিলের দাবিতে সহস্রাধিক ব্যবসায়ীর দোকান বন্ধ
হোম » ভোলা » মনপুরায় ভিটি বরাদ্দ বাতিলের দাবিতে সহস্রাধিক ব্যবসায়ীর দোকান বন্ধ
![]()
সাগরকন্যা প্রতিনিধি, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে সরকারি জমিতে দোকানের ভিটি বরাদ্দের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে কর্মসূচি পালন করেছেন হাজিরহাট বাজারের সহস্রাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা দোকান বন্ধ রাখেন।
ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা প্রশাসন বাজারের কাছাকাছি সরকারি জমিতে ভিটি বরাদ্দ দিয়ে পুরোনো হাজিরহাট বাজার ভেঙে নতুন বাজার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ বরাদ্দ বাতিলের দাবিতে তাঁরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান।
এর আগে বুধবার রাত ১১টায় হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। পরে মাইকিং করে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।
দোকানপাট বন্ধ থাকায় বাজারে আসা ক্রেতারা ভোগান্তিতে পড়েন। প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অনেককে খালি হাতে ফিরে যেতে দেখা যায়।
জানা গেছে, উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে সরকারি জমিতে ব্যবসায়ীদের জন্য ৫২টি ভিটি বরাদ্দের কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। এর মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ৪২টি ভিটির জন্য ৫০ হাজার টাকা এবং চতুর্থ শ্রেণি ক্লাবের পাশের জমিতে ১০টি ভিটির জন্য এক লাখ টাকা পে-অর্ডার করে আবেদন করা হয়। পরে লটারির মাধ্যমে ভিটি বরাদ্দের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন।
হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবদুর রহমান এবং ব্যবসায়ী নেতা মো. জসিম ও মো. আব্বাস বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো হাজিরহাট বাজারে সহস্রাধিক ব্যবসায়ী ব্যবসা করছেন। তাঁদের অভিযোগ, উপজেলা প্রশাসন অর্থের লোভে বাজারের কাছাকাছি ভিটি বরাদ্দ দিয়ে পুরোনো বাজার ভেঙে নতুন বাজার করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের প্রতিবাদেই তাঁরা দোকানপাট বন্ধ রেখেছেন।
তাঁরা আরও জানান, বুধবার ভিটি বরাদ্দ বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি নিজাম উদ্দিন, বেলায়াত হোসেন ও মিজান পাটোয়ারী বলেন, উপজেলা প্রশাসন নিয়মনীতি অনুসরণ না করে বাজারের কাছাকাছি ভিটি বরাদ্দ দিয়ে বিদ্যমান বাজার ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ না হলে সামনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, উপজেলা পরিষদের আর্থিক খাত বাড়ানোর জন্য ভিটি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত ভিটি বরাদ্দের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:০০ ● ৩৪ বার পঠিত
