বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় ক্লাসে পড়ে চিৎকার করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক!
হোম » শিক্ষা » কলাপাড়ায় ক্লাসে পড়ে চিৎকার করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক!![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান কক্ষে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে চিৎকার করায় ষষ্ঠ শ্রেণির ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে খণ্ডকালীন এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারধরে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী আরেফিন ছিদ্দিকি ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের ছেলে।
শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার ছেলেটার মাত্র ১১ বছর বয়স। বিদ্যালয়ে পাঠদান চলাকালে আরেফিন পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এ সময় সে একটু জোরে চিৎকার করে ওঠে। তখন প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক রাশেদ কোনো কিছু জিজ্ঞেস না করেই কক্ষে ঢুকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আমার ছেলেকে আহত করেন।’
তিনি আরও বলেন, শিক্ষকের বেত্রাঘাতে আরেফিনের শরীরের কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝরেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। বিষয়টি নিয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি ওই খণ্ডকালীন শিক্ষককে ডেকেছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, আরেফিন পড়ে গিয়ে ব্যথা পাওয়ায় জোরে চিৎকার দিয়েছিল। কিন্তু শিক্ষক কক্ষে এসেই তাকে মারধর শুরু করেন। এ সময় তিনি কিছু জিজ্ঞেসও করেননি।
অভিযুক্ত শিক্ষক রাশেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফোনে তার স্ত্রী জানান, রাশেদ ফোন ব্যবহার করেন না।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের কাছে যাওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কাছে উভয় পক্ষই এসেছিল। ওই শিক্ষক ক্ষমা চেয়েছেন।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তাঁরা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৯ ● ৬৯ বার পঠিত
