বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের
হোম » বিশ্ব » ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
ভারতে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশের প্রতি সমর্থন ঘোষণা করেছে সংগঠনটি। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় ককরোচ জনতা পার্টি। পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় সংগঠনটির নেতা অভিজিৎ দীপক লেখেন, ‘জ্ঞানু মাস্ট গো, দেশ সবার উপরে।’
তবে ১ নভেম্বরের সমাবেশে অভিজিৎ দীপক বা সংগঠনটির অন্য কোনো প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ভোটার তালিকা সংশোধনের সময় যোগ্য নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিরোধীরা যে আন্দোলন করছে, তার প্রতি তারা সমর্থন জানাচ্ছে। ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হওয়ায় ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
ককরোচ জনতা পার্টির বিবৃতিতে বলা হয়েছে, সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, সরকারের পছন্দ অনুযায়ী ভোটার বাছাই করে নয়। কোনো যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে তাঁর গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করে সংগঠনটি।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ওপরও জোর দিয়েছে দলটি। তাদের দাবি, মানুষের আস্থা ফেরাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন।
নিজেদের অবস্থানের সমর্থনে সংবিধান প্রণয়নের ইতিহাস তুলে ধরে বিবৃতিতে বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু ও সংবিধান প্রণেতাদের ভূমিকার উল্লেখ করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের সমান ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ভোটারদের অধিকার রক্ষা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্নে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিরোধীরা। ককরোচ জনতা পার্টির সমর্থন ঘোষণায় আন্দোলনের প্রতি আরও একটি সংগঠনের অবস্থান সামনে এলেও সমাবেশে তাদের সরাসরি অংশগ্রহণের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২:৫৫:০৯ ● ২৩ বার পঠিত
