বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, কমিটি না থাকায় ক্ষোভ
হোম » পিরোজপুর » নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, কমিটি না থাকায় ক্ষোভ
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে স্বরূপকাঠি পৌর শহরে এ কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা। একই সঙ্গে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে স্বরূপকাঠি পৌর শহরে জড়ো হন। পরে উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অন্যদিকে, উপজেলার পশ্চিম পাড়ে যুবদলের নেতাকর্মীরা আনন্দ র্যালি বের করেন। র্যালিটি ইন্দেরহাট মিঞার হাট বন্দর প্রদক্ষিণ করে ফজলে রহমান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, স্বরূপকাঠি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া সোহাগ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল নেতা মো. রেজাউল হাসান সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের এবং যুবদল নেতা মারুফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পৌর বিএনপির নেতৃবৃন্দ ও যুবদলের পদপ্রত্যাশী নেতারা পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা দ্রুত নেছারাবাদ উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নেছারাবাদ উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি নেই। বর্তমানে আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যকর কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে দুর্বলতা দেখা দিচ্ছে বলে দাবি করেন তাঁরা।
সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দ্রুত উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৩৭ ● ৪১ বার পঠিত
