মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬

ভাণ্ডারিয়ায় আইনশৃঙ্খলা, মাদক ও ইভটিজিং দমনে গুরুত্ব দিলেন জেলা প্রশাসক

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় আইনশৃঙ্খলা, মাদক ও ইভটিজিং দমনে গুরুত্ব দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


ভাণ্ডারিয়ায় আইনশৃঙ্খলা, মাদক ও ইভটিজিং দমনে গুরুত্ব দিলেন জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমন এবং সরকারি দপ্তরে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে গুরুত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।

সভায় জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ দমনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম গতিশীল করা, জনসেবার মান নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সুধীজনদের সহযোগিতা কামনা করেন।

এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সরকারি দপ্তরগুলোতে জনসাধারণের সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও পরামর্শ দেন জেলা প্রশাসক।

সভায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইব্রাহিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ), পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদার ও সাংবাদিক এইচ এম জুয়েল।

সভায় বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমস্যা তুলে ধরেন। এ সময় মাদক, ইভটিজিংসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৪ ● ২৭ বার পঠিত