মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬

চরফ্যাসনে মা ইলিশ পাচারের অভিযোগ, শতাধিক ট্রলারে বরফ সরবরাহ

হোম » জেলে-মৎস্য » চরফ্যাসনে মা ইলিশ পাচারের অভিযোগ, শতাধিক ট্রলারে বরফ সরবরাহ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


 

চরফ্যাসনে মা ইলিশ পাচারের অভিযোগ, শতাধিক ট্রলারে বরফ সরবরাহ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)

 

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চললেও ভোলার চরফ্যাসনে রাতের আঁধারে শতাধিক মাছ ধরার ট্রলারে বরফ সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, খুলনা থেকে আনা বরফ চরফ্যাসনের মাইনুদ্দিন মৎস্য ঘাটে নামিয়ে ট্রলারে তোলা হয়। পরে এসব ট্রলার বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সোনার চরসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলের উদ্দেশে রওনা হয়। সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ইলিশ সংরক্ষণ ও পাচারের কাজে বরফ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাতের অন্ধকারে খুলনা থেকে বরফের একটি বড় চালান চরফ্যাসনে আনা হয়। পরে মাইনুদ্দিন মৎস্য ঘাটে ওই বরফ প্রায় শতাধিক ট্রলারে তোলা হয়। অভিযোগ রয়েছে, সোনার চরসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলে আগে থেকেই ইলিশভর্তি অসংখ্য মাছ ধরার ট্রলার নোঙর করে অপেক্ষা করছিল। বরফ পৌঁছানোর পর সেখানে মাছ প্যাকেটজাত করে পাচারের প্রক্রিয়া শুরু হয়।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, নিষেধাজ্ঞা চলাকালে সোনার চরসহ বিভিন্ন চরাঞ্চলে এত ইলিশ কীভাবে পৌঁছাচ্ছে? বড় বরফের চালান ও বিপুলসংখ্যক ট্রলারের চলাচল হলেও প্রশাসনের নজরদারি কোথায়?

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে চরফ্যাসন উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৎপরতার কথা জানায়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে বরফভর্তি কয়েকটি কাভার্ড ভ্যান, অবৈধ মাছ ধরার ট্রলার এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলিশ জব্দ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মেঘনা-তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনার বিস্তীর্ণ জলসীমা এবং দুর্গম চরাঞ্চলের তুলনায় তাঁদের পর্যাপ্ত জনবল ও দ্রুতগতির নৌযানের ঘাটতি রয়েছে। এ সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অসাধু চক্র বিচ্ছিন্ন এলাকায় রাতের আঁধারে অবৈধ কার্যক্রম চালাচ্ছে।

 

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে দুর্গম সোনার চরসহ সব চরাঞ্চল ও গুরুত্বপূর্ণ মৎস্য ঘাটে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং সার্বক্ষণিক টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৫ ● ১৭ বার পঠিত