সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬

নলছিটিতে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের সংলাপ

হোম » ঝালকাঠী » নলছিটিতে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের সংলাপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


 

নলছিটিতে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের সংলাপ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি) 

 

নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, সামাজিক কুসংস্কার, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝালকাঠির নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে তরুণ-তরুণীদের সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা হয়।

 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

 

তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সংলাপে সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকার, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত আলম ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনির ইউ জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী।

 

এ ছাড়া সরকারি নলছিটি ডিগ্রি কলেজের শিক্ষক জামাল হোসাইন, উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনিরুজ্জামান, জুলফিকার আলী ভুট্টো ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক রুবেল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আঃ মান্নান, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত উদ্যোক্তা ও রেনেসা যুব সামাজিক সংঘের সভাপতি আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় প্রাণের টানে রক্তদান, রাইট টক বাংলাদেশ, ইস্কুল ম্যাগাজিন, তারুণ্যের নলছিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরা অংশ নেন।

 

সংলাপে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নারী-পুরুষ সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করার পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারেও সচেতনতা বাড়ানো জরুরি।

 

বক্তারা এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল বলেন, ‘মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য একটি ব্যাধি। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, নারীদের পিছিয়ে পড়া রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

 

সংলাপে নারী-পুরুষ সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা, জেন্ডার স্টেরিওটাইপ ও সামাজিক কুসংস্কারের প্রভাব এবং এসব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

 

আয়োজকেরা জানান, তরুণ-তরুণীদের নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সংলাপের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব নেতৃত্বাধীন সংগঠনগুলো স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছে, যা নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৪ ● ১৮ বার পঠিত