রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, সাপ্তাহিক কর্মসূচির ঘোষণা

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, সাপ্তাহিক কর্মসূচির ঘোষণা
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, সাপ্তাহিক কর্মসূচির ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে পর্যটন কার্নিভাল শেষে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রতি সপ্তাহে এক দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

 

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিনসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আমানউল্লাহ আমান বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ।’

 

পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে এক দিন সৈকত পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালাতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৫ ● ২৫ বার পঠিত